‘বেহেশতের কথা বলে ভোট নিয়ে এখন সস্তা রাজনীতি বন্ধ করুন’
নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নিয়ে এখন সস্তা রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, যারা জুলাই-আগস্ট নিয়ে সারাদিন রাজনীতি করতে চান, তাঁরা সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না থেকে ধোঁকাবাজির পরিচয় দিয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, গত ১৯ অক্টোবর ওসমানী উদ্যানে সরকারের উদ্যোগে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে সমমনা, সহযোগী ও জোটের রাজনৈতিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। শুধু আমন্ত্রণপত্র পাঠানোই নয়, দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম টেলিফোনেও তাঁদের আমন্ত্রণ নিশ্চিত করেছিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদ ও আনাসের বাবা এবং এক শহীদের মাকে সঙ্গে নিয়ে চার শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মৃতিস্তম্ভ ও দীর্ঘ ১০ বছর পর ওসমানী উদ্যানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অথচ জুলাই নিয়ে যেসব রাজনৈতিক দলের নেতারা সারাক্ষণ কথা বলেন, তাঁদের অনেকে অনুষ্ঠানে উপস্থিত হননি। দেশের এই একমাত্র শহীদ স্মৃতিস্তম্ভে গেজেটভুক্ত ৮৩৪ জন শহীদের নাম লেখা রয়েছে বলেও জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্যের জবাবে মীর শাহে আলম বলেন, আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় তাঁরা অনুষ্ঠানে যাননি—এমন যুক্তি সঠিক নয়। অনুষ্ঠানে প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, জাতীয় নেতা সাইফুল হক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম আমন্ত্রণপত্রে না থাকলেও প্রধানমন্ত্রী তাঁদের মঞ্চে ডেকে নেন। বিরোধী দল আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত হলে প্রধানমন্ত্রী তাঁদের প্রতিনিধিকেও মঞ্চে ডেকে নিতেন বলে মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নিয়ে এখন সস্তা রাজনীতি বন্ধ করতে হবে। আগামী ৯ নভেম্বর থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে। লংমার্চ বা আন্দোলন কর্মসূচি বাদ দিয়ে সংসদে এসে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
মীর শাহে আলম আরও বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ শূন্য রাখা হয়েছে। যেকোনো সময় বিরোধী দল তাদের পাঁচজন প্রতিনিধির নাম দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে।
প্রেস ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিভাবান শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
