প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬ ২১:০২

বগুড়া কারাগারে যুবলীগ নেতার মৃত্যু, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

ধুনট, বগুড়া সংবাদদাতাঃ
বগুড়া কারাগারে যুবলীগ নেতার মৃত্যু, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

বগুড়া জেলা কারাগারে থাকা ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন কারাগারের জেল সুপার।

সোহরাব হোসেন ধুনট পৌরসভার সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে। পরিবারের তথ্য অনুযায়ী, বিস্ফোরকসহ একাধিক মামলায় গত তিন থেকে চার মাস ধরে তিনি কারাগারে ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চার থেকে পাঁচ দিন আগে কারাগারে অসুস্থ হয়ে পড়েন সোহরাব হোসেন। শুক্রবার সকালে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার।

সোহরাব হোসেনের বড় ভাই শহিদুল ইসলাম জানান, কারা কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আসাদুর রহমান বলেন, সোহরাব হোসেন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, কারাগারে সোহরাব হোসেন নামের এক যুবলীগ নেতার মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনার সঙ্গে থানা পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই।

উপরে