প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬ ২৩:৫২

৪ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক
৪ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে ধরা
গ্রেফতারকৃত আসামি মাসুদ মিয়া। ছবি- সংগৃহীত

বগুড়ার ধুনটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ২০ বছর ধরে পলাতক থাকার পর শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাসুদ মিয়া ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি-বুড়িভিটা গ্রামের ভুলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে মাদকদ্রব্য বিক্রির সময় তৎকালীন শাহজাহানপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন মাসুদ মিয়া। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে ২০০৬ সালে বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালত ওই মামলায় তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন।

মামলার তথ্য অনুযায়ী, আদালতের রায় ঘোষণার আগে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান মাসুদ মিয়া। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তিনি ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে সাজা এড়িয়ে পলাতক থাকা মাসুদ মিয়াকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপরে