প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬ ০১:১৯

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার সেন্ট্রাল মসজিদ ও চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিএনসির বগুড়া ‘ক’ সার্কেল। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহরাব হোসেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাজাহানপুর উপজেলার চককানপাড়া গ্রামের মো. মুকুল প্রামাণিকের ছেলে মো. সিহাব (১৮), বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার মো. আলী হোসেনের ছেলে মো. আলমগীর (৩০) এবং গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের মো. তোজাম পোদ্দারের ছেলে মো. নয়ন (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সিহাবকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, আলমগীরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং নয়নকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে ওই তিনজনের কাছ থেকে মোট ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁরা অপরাধ স্বীকার করায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। উদ্ধার করা মাদকের আলামতও ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

উপরে