শাজাহানপুরে বাড়ি থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে টুলু মিয়া (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে বিদেশে থাকেন। তাঁর দুই মেয়ে জেমি ও জুথি আক্তার বিবাহিত। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তবে কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন টুলু মিয়া। এ কারণে তিনি মানসিকভাবেও বিপর্যস্ত ছিলেন বলে দাবি করেছেন তাঁর ছোট মেয়ে জুথি আক্তার। তাঁর ধারণা, অসুস্থতাজনিত মানসিক অবসাদ থেকে তাঁর বাবা ধারালো বটি দিয়ে নিজের গলায় আঘাত করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি বটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
