প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২৬ ০১:০৯

নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতা জাকির হোসেন নবাবের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতা জাকির হোসেন নবাবের মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

কারা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নওগাঁ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন নবাব। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই বেলা পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় বলেন, জাকির হোসেন নবাব বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত বছর থেকে এ কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উপরে