প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২৬ ০১:১৩

বিস্কুটে ইন্ডাস্ট্রিয়াল লবণ, কেক রাখার স্থানে তেলাপোকা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
বিস্কুটে ইন্ডাস্ট্রিয়াল লবণ, কেক রাখার স্থানে তেলাপোকা, জরিমানা

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি নামের একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শেরপুর উপজেলার শেরুয়া ও বটতলা এলাকার ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাঠের টেবিলে বিস্কুট তৈরি করতে দেখা যায়। খাদ্যপণ্য তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া কেক ও বিস্কুট সংরক্ষণের স্থানে অসংখ্য তেলাপোকা দেখা যায়।

অভিযানে প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদনসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে পণ্য বাজারজাত করার বিষয়টিও ধরা পড়ে।

এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় কারখানা থেকে জব্দ করা ইন্ডাস্ট্রিয়াল লবণ ও পাঁচ ট্রে কেক জনসম্মুখে ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।

সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, কারখানার সব অনিয়ম ও ত্রুটি সংশোধনের জন্য কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপরে