বগুড়ায় খাবারে পোকা, ফ্রিজে পুরোনো মাওয়া-ক্ষীর; চার প্রতিষ্ঠানকে জরিমানা
বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় খাবারে পোকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ফ্রিজে দীর্ঘদিনের পুরোনো মাওয়া-ক্ষীর সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে চারটি হোটেল ও ফুড শপকে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
অভিযান সূত্রে জানা গেছে, সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার বিসমিল্লাহ হোটেল, গ্রামীণ ফুডস, মৌবন ফুডস ও হোটেল স্টারে বিভিন্ন অনিয়ম ও অপরাধের প্রমাণ পাওয়া যায়।
এর মধ্যে গ্রামীণ ফুডসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে দীর্ঘদিনের পুরোনো মাওয়া, ক্ষীর ও দুধের ছানা সংরক্ষণ এবং আমদানির বৈধ কাগজপত্র ছাড়াই বিদেশি চকলেট ও খাদ্যসামগ্রী মজুত ও বাজারজাত করার প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বিসমিল্লাহ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ময়লা-আবর্জনার পাশে মরিচ শুকানো, খাদ্যে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার, ওয়াশরুমের দরজায় বসে খাবারের প্লেট পরিষ্কার এবং স্বাস্থ্যবিধি না মানার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া খাবারে পোকা পাওয়া এবং মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় মৌবন ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, নোংরা হাতে খাবার প্রস্তুত এবং খবরের কাগজে খাবার পরিবেশনের দায়ে হোটেল স্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মী উপস্থিত ছিলেন। এ সময় সান্তাহার ফাঁড়ি পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।
আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারি আইন ও বিধি মেনে জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
