প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬ ০০:৩৪

বগুড়ায় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে বেত্রাঘাত, ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে বেত্রাঘাত, ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে
অভিযোগকারী অভিভাবক ও এলাকাবাসী, ইনসেটে অভিযুক্ত শিক্ষিকা শিউলী খাতুন। ছবি- সংবাদদাতা/চাঁদনী বাজার

 বগুড়ার দুপচাঁচিয়ায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মারধর, ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিক্ষার্থীর হাত কেটে যাওয়ার পর চিকিৎসকের কাছে নেওয়া হলে ক্ষতস্থানে দুটি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

গত ১৬ নভেম্বর সোমবার উপজেলার তালোড়া পৌর এলাকার খাড়িয়া নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুহিব উল্লাহকে বেত দিয়ে মারধর করেন সহকারী শিক্ষিকা শিউলী খাতুন। এতে তার হাত কেটে রক্তাক্ত হয়। অভিযোগ রয়েছে, আহত হওয়ার পরও বিদ্যালয় ছুটির আগে তাকে বাড়ি যেতে বা চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে বাড়িতে গিয়ে বাবাকে বিষয়টি জানায় শিক্ষার্থী। এরপর বাবা সোহেল রানা ছেলেকে তালোড়া বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তার হাতের ক্ষতস্থানে দুটি সেলাই দেন।

এ ছাড়া ওই শিক্ষিকার বিরুদ্ধে ছুরি বের করে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো এবং ছুরির বাট দিয়ে মারধরের অভিযোগও করেছেন অভিভাবকেরা।

এ ঘটনায় গত ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের কাছে মৌখিক অভিযোগ করেন। তাঁরা অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আহত শিক্ষার্থীর বাবা সোহেল রানা বলেন, ‘শিক্ষকের শাসন করার অধিকার রয়েছে। কিন্তু রক্তাক্ত জখম করার অধিকার শিক্ষকের নেই। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা বিদ্যালয়ে না ঘটে, সে জন্যই ওই শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।’

অভিযুক্ত সহকারী শিক্ষিকা শিউলী খাতুন বলেন, শ্রেণিকক্ষে দুষ্টুমি করায় শিক্ষার্থীকে বেত দিয়ে শাসন করেছেন। বেতটি ফাটা থাকায় তার হাত সামান্য কেটে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ছুরি দিয়ে ভয়ভীতি দেখানো ও মারধরের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, এ অভিযোগের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম মুঠোফোনে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগের বিষয়টি জেনেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপরে