খোলা টয়লেটের পাশে নিমকী তৈরি, খাদ্যে ছিল হাইড্রোজ, সাল্টু ও ইন্ডাস্ট্রিয়াল লবণ, জরিমানা
বগুড়া মহানগরের খাজাপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকী তৈরি, নিষিদ্ধ রাসায়নিক উপাদান ব্যবহার ও পোড়া তেলে খাদ্যপণ্য ভাজার অভিযোগে আবুল হোটেলের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত করতোয়া নদীর পশ্চিম পাশে অবস্থিত প্রতিষ্ঠানটির নিমকী তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানায় খোলা আকাশের নিচে ও খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে নিমকী তৈরি, খাদ্যপণ্যে নিষিদ্ধ সাল্টু ও হাইড্রোজ ব্যবহার, উৎপাদনে ইন্ডাস্ট্রিয়াল লবণ প্রয়োগ এবং পোড়া তেলে নিমকী ভাজার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধ স্বীকার করায় আবুল হোটেলের মালিক শাজাহানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা হাইড্রোজ, সাল্টু ও ইন্ডাস্ট্রিয়াল লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানটিকে দ্রুত কারখানা স্থানান্তর এবং সরকারের সকল বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ক্যাবের সাধারণ সম্পাদক মোছা. ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তা দেয় জেলা পুলিশের একটি দল।
