সন্তান হত্যার বিচার চান মাঃ বগুড়ায় স্কুলছাত্র গালিব হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ
বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও সচেতন ছাত্রসমাজ। এ সময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। অবরোধের কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রোববার (২২ নভেম্বর) দুপুর ২টা থেকে পৌনে ৪টা পর্যন্ত শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। একই সঙ্গে নিহত গালিবের মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
নিহত মনিরুল ইসলাম গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা।
বিক্ষোভ চলাকালে গালিবের মা ময়না কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিনা কারণে তার ছেলেকে হত্যা করা হয়েছে। যারা তার সন্তানকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি সন্তান হত্যার বিচার দাবি করেন।
সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, একজন শিক্ষার্থীকে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গালিবের বাবা নেই, শুধু মা রয়েছেন। পুলিশ ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারেও কাজ চলছে। গালিবের মা আবেদন করলে আগামী এক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে তার চাকরির ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের একজন যুবদলের সঙ্গে সম্পৃক্ত। তাকে দল থেকে বহিষ্কারের জন্য বলা হয়েছে। বগুড়ায় কোনো হত্যাকাণ্ড বরদাশত করা হবে না। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় স্থানীয় যুবক মিশু (২১) তার ধূমপানের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২০) সঙ্গে গালিবের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা গালিবের বুক ও পিঠে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
