প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬ ০০:১৬

পাখির বিষ্ঠাযুক্ত মেঝেতে চানাচুর তৈরি, বগুড়ায় কারখানাকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
পাখির বিষ্ঠাযুক্ত মেঝেতে চানাচুর তৈরি, বগুড়ায় কারখানাকে লাখ টাকা জরিমানা

পোড়া তেলে চানাচুর ভাজা, পাখির বিষ্ঠাযুক্ত নোংরা মেঝেতে তৈরি খাবার সংরক্ষণ এবং মেঝেতে চানাচুর ছড়িয়ে পায়ে মাড়িয়ে মসলা মেশানোর মতো অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ অভিযান দল। এসব অনিয়মের দায়ে বগুড়ার সাভার ফুড প্রোডাক্টসের ‘রকেট চানাচুর’ কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত কারখানাটিতে অভিযান চালানো হয়। এ সময় চানাচুর তৈরিতে পোড়া তেল ব্যবহার করতে দেখা যায়। তৈরি খাবার পাখির বিষ্ঠাযুক্ত নোংরা মেঝেতে রাখা ও প্রক্রিয়াজাত করার প্রমাণও পাওয়া যায়।

এ ছাড়া স্টেইনলেস স্টিলের ট্রে ব্যবহার না করে মেঝেতে চানাচুর ছড়িয়ে পায়ে মাড়িয়ে মসলা মেশানো হচ্ছিল। খাদ্য তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার, অপর্যাপ্ত স্যানিটেশন এবং কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার বিষয়ও অভিযানে ধরা পড়ে।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদের, সাপোর্ট স্টাফ এবং এসআরবি-১২ বগুড়ার একটি দল অংশ নেয়। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

সহকারী পরিচালক মো. মেহেদি হাসান বলেন, ভবিষ্যতে সরকারি আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপরে