প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬ ০০:৩১

বগুড়ায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

 দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা বন্ধ, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত এবং হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহরের সাতমাথায় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বগুড়া জেলা পরিচালনা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তফ্রন্টের জেলা সমন্বয়ক ও বাসদ জেলা সদস্য কমরেড সাইফুজ্জামান টুটুল। সঞ্চালনা করেন সিপিবির জেলা সহকারী সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম।

সমাবেশে বক্তব্য দেন বাসদ জেলা আহ্বায়ক কমরেড সাইফুল ইসলাম পল্টু, সিপিবির জেলা সভাপতি কমরেড আমিনুল ফরিদ এবং বাংলাদেশ জাসদের জেলা সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুখু। এ ছাড়া উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না, বাসদের জেলা সদস্যসচিব অ্যাডভোকেট দিলরুবা নূরীসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা।

সমাবেশে নেতারা বলেন, দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হলেও সরকার তা পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

তাঁরা আরও বলেন, শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। দেশে ৪০ লাখের বেশি পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে অর্থনীতির অগ্রগতি সম্ভব নয়। শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যায্য মজুরিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নেতারা বলেন, বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করা অমানবিক ও অন্যায়। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জীবন-জীবিকার ওপর আঘাত করে কোনো উন্নয়ন হতে পারে না। জনগণের গণতান্ত্রিক অধিকার, শ্রমিকের ন্যায্য মজুরি ও অধিকার এবং সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উপরে