প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৫২

বগুড়ায় প্রয়াত ও জ্যেষ্ঠ ১৩ সাংবাদিককে সম্মাননা, দেওয়া হলো সাড়ে ৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় প্রয়াত ও জ্যেষ্ঠ ১৩ সাংবাদিককে সম্মাননা, দেওয়া হলো সাড়ে ৬ লাখ টাকা

বগুড়ার প্রয়াত ও জ্যেষ্ঠ ১৩ জন গুণী সাংবাদিককে সম্মাননা জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষ থেকে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে মরণোত্তর ও আজীবন সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ছয় লাখ টাকা তুলে দেওয়া হয়।

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননার অর্থ তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

এর আগে গত ১২ নভেম্বর বিটিআরইউর অভিষেক অনুষ্ঠানে গুণী সাংবাদিকদের অবদানের স্বীকৃতিস্বরূপ নিজের ঐচ্ছিক তহবিল থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মরণোত্তর সম্মাননা ও অর্থসহায়তা পেয়েছেন আট প্রয়াত সাংবাদিকের পরিবার। তাঁরা হলেন—খন্দকার আব্দুর রহীম হীরু, যাহেদুর রহমান যাদু, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লেমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মোহন্ত শানু, ইকবাল মোর্শেদ রিপন ও আমান উল্লাহ খান।

আজীবন সম্মাননা ও অর্থসহায়তা পেয়েছেন পাঁচ জ্যেষ্ঠ সাংবাদিক। তাঁরা হলেন—ওয়াসিউর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী ও চপল কান্তি সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা সাংবাদিকদের এভাবে মূল্যায়নের জন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ধন্যবাদ জানান। বর্তমান সাংবাদিকতার চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, সত্তর ও আশির দশকে বগুড়ার সাংবাদিকেরা অনেক কষ্ট করে নীতি-আদর্শ মেনে সাংবাদিকতা করেছেন। তখন সাংবাদিকদের কেনা যেত না। কিন্তু ইদানীং সাংবাদিকতায় দলীয় প্রভাব ও অপসাংবাদিকতা ঢুকে পড়েছে। যাচাই-বাছাই ছাড়া নেতিবাচক বা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করলে দেশ ও সমাজের বড় ক্ষতি হয়।

সংসদ সদস্য হিসেবে নিজের ভুলত্রুটি থাকলে তা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে। সাংবাদিকেরা যেন স্বাধীনভাবে লেখেন, তবে যে ঘটনা ঘটেনি তা যেন সংবাদে প্রকাশ না করেন। বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বগুড়া বিমানবন্দর, শিল্প পার্ক ও বিশ্ববিদ্যালয়ের চলমান কাজের পাশাপাশি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপনের বিষয়েও কথা বলেন। এ ছাড়া বাংলাদেশের একমাত্র অবিভক্ত প্রেসক্লাব হিসেবে বগুড়া প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেস সেক্রেটারি আতিকুর রহমান। তিনি বলেন, প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে কিংবদন্তি সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দিতে চেয়েছিলেন। বিদেশে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিজেও একসময় শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিকদের যেকোনো বিপদ-আপদে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

বিটিআরইউর নবনির্বাচিত সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। এ সময় বিটিআরইউর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপরে