প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৫৩

বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতা গ্রেপ্তার

 বগুড়ায় নাশকতা, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১১ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নন্দীগ্রামে চারজন, শেরপুরে দুজন, দুপচাঁচিয়ায় দুজন, শিবগঞ্জে একজন, গাবতলীতে একজন এবং কাহালুতে একজন রয়েছেন। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, বুধবার (২৫ নভেম্বর) রাতে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী (৫০), ভাটগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম (৫৫), বগুড়া জেলা আওয়ামী লীগের কাউন্সিলর আব্দুল আলীম (৪২) এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৪৫)।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পৃথক অভিযান চালিয়ে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জিয়ানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিঠু (৩০) এবং উপজেলা যুবলীগের সহসভাপতি গোলাম রব্বানী নিরব (৫২)। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শিবগঞ্জ থানার এসআই আব্দুল লতিফ জানান, বুধবার দিবাগত রাতে মোকামতলা ইউনিয়নের টেপাগাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব মন্ডলকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম (৪৮) এবং গাড়িদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বয়জাল হোসেন (৪৮)। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহরের হাকির মোড় এলাকা থেকে গাবতলী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদকে (৪৮) গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা ও একাধিক মামলার আসামি ফারুক আহমেদ। তিনি দুটি মামলায় সাজাপ্রাপ্ত এবং আরও কয়েকটি মামলায় পলাতক ছিলেন বলে জানান ওসি।

অন্যদিকে, কাহালু উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক রাসেদ সরদারকে (৪০) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের নারহট্ট সরদার গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উপরে