প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৪৩

সুন্দরগঞ্জে গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা

ক্বারী মো: আবু জায়েদ খান, সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জে গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধুর আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের খামার ধুবনী গ্রামের সাদা মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী মাহমুদা বেগম (৩৩) গতকাল দুপুরে নিজ ঘরে গলার ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এদিকে গৃহবধু মাহমুদার আত্মহত্যার পর থেকে পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছে। এ ঘটনায় মাহমুদার বড় ভাই আব্দুস সামাদ বাদী হয়ে থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৬/১৯। উল্লেখ্য ২০০৫ সালে উপজেলার সমস গ্রামের মজিবুর রহমানের মেয়ে মাহমুদার সাথে একই উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের খামার ধুবনী গ্রামের আবুল হোসেনের ছেলে সাদা মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সুখে সংসার করলেও ইদানিং স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লাগত বলে এলাকাবাসী জানান।

পরিবারের লোকজনের দাবী মাহমুদাকে মার-ধর করে মেরে ফেলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায় তার স্বামীসহ পরিবারের লোকজন। মামলার আইও এসআই ছামছুল হকের সাথে কথা বললে তিনি এ প্রতিনিধিকে জানান, তদন্ত সাপেক্ষে এমসি রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

 

 

উপরে