গোবিন্দগঞ্জে ফসলি জমি উর্বরতা হারাচ্ছে চলছে শ্রেণি পরিবর্তনের উৎসব
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নির্বিচারে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ায় জমিগুলো উর্বরতা হারাচ্ছে। একই সাথে চলছে কৃষি জমির শ্রেণি পরিবর্তনের উৎসব। ইউনিয়ন ভূমি ও উপজেলা ভূমি অফিস সহ উপজেলায় প্রশাসনিক কর্মকর্তা থাকলেও এসব দেখার কেউ নেই।
উপজেলার ১৭টি ইউনিয়নে সম্প্রতি তিন ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রির হিড়িক চলমান। কোথাও বা আবাদি জমিগুলো গভীর খননে পুকুরে শ্রেণি পরিবর্তন করা হচ্ছে। এর একমাত্র কারণ হিসেবে উপজেলাজুড়ে ত্রিশটিরও বেশি অবৈধ ইট-ভাটাকে দায়ী করছে সচেতন মহল। এ অবস্থা চলতে থাকলে অচিরেই গোবিন্দগঞ্জের ফসলি জমিগুলো উর্বরতা হারিয়ে শস্য উৎপাদনে কাক্সিক্ষত লক্ষ্যমাত্রায় ধ্বস আনবে।
উপজেলার কামদিয়া, কাটাবাড়ী, রাজাহার, শাখাহার ও সাপমারা ইউনিয় নিয়ে গঠিত পশ্চিমের লাল মাটির (খিয়ার) অঞ্চল খাদ্য শস্য ভাণ্ডার হিসেবে চিহ্নিত। এ অঞ্চলে ধান, আখ, আলু, সরিষা সহ মওসুমি শস্যগুলো লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হয়ে থাকে। ফলে এ এলাকার কৃষকরা সব ফসলেই অধিকহারে উৎপাদনের জন্য লাভের মুখ দেখে থাকে। সম্প্রতি এ এলাকার জমিগুলোর উপর ইট-ভাটা মালিকদের কু-দৃষ্টি পড়েছে। তারা তাদের জেলা প্রশাসকের দপ্তরে অঙ্গীকারকৃত স্থানগুলো থেকে মাটি সংগ্রহ করতে না পারায় এসব জমির মালিকদের প্রভাবিত করছে। কোথাও ফসলি জমির উপরিভাগের এক থেকে দুই ফিট আবার কোন কোন মালিককে গভীর খননে পুকুর তৈরির জন্য উৎসাহিত করে মাটি কেটে নিয়ে যাচ্ছে ভাটায়।
ভাটায় মাটি সরবরাহে দশ চাকার অতিরিক্ত ওজনের ড্রাম ট্রাকগুলো গ্রামীণ রাস্তায় চলাচলে তা প্রায় ধ্বংসের পথে।মাটি পরিবহনের সময় রাস্তায় পড়ে যাওয়া মাটি ও ধুলায় জনচলাচলে নানাবিধ অসুবিধার সৃষ্টি হচ্ছে। পরিবেশ ও মানবস্বাস্থ্যও পড়েছে ঝুঁকির মধ্যে। কোথাও আবার গ্রামীণ রাস্তা কেটে পুকুরের পুকুরের পাড় তৈরি করা হচ্ছে।
সরেজমিনে ১ নম্বর কামদিয়া ইউনিয়নের উথলি গ্রামে পুকুর খননের দৃশ্য দেখা যায়। এ গ্রামের ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান মণ্টু তার দুই বিঘা জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করছেন ভাটায়। তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কৌশলে এড়িয়ে যান।
এমন দৃশ্য ৩ নম্বর শাখাহার ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামেও দেখা যায়। এখানকার গোলাম হোসেনের ছেলে ডাব্লু তার ২ একর ধানি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করছেন ইট ভাটায়। তার সাথে কথা বললে তিনি জানান, আমার জমি; আমার যা খুশি তাই করব। জমির শ্রেণি পরিবর্তন হচ্ছে-বিষয়ে জানান, সব ম্যানেজ করেই মাটি বিক্রি করছি।
অপরদিকে কাটাবাড়ী ইউনিয়নের বেতারা ফুলহার গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র সবুজ মিয়ার ফসলি জমির উপরিভাগে মাটি কেটে নিয়ে যাচ্ছে ভাটা-মালিকরা।
একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রফিক এর সম্প্রতি ৭০ লাখ টাকায় নেয়া জমির উপরিভাগের ২ ফিটেরও বেশি মাটি কেটে ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।
ফসলি জমির মাটি বিক্রির বিষয়ে সংশ্লিষ্টরা জানান, মাটি বিক্রি করে বেশ ভাল টাকা পাওয়া যাচ্ছে। এক বিঘা জমিতে ৭০ হাজার থেকে ১ লাখ টাকার মাটি বিক্রি করা যায়। আমার জমিও থাকল; উপরি এক লাখ টাকাও পাওয়া গেল। অপরদিকে এক বিঘা জমিতে পুকুর খননে যেখানে এক লাখ টাকা খরচ হয়; সেখানে সে খরচ না দিয়ে উপরন্তু এক লাখ টাকা পাওয়া যায়।
অবাধে জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধ ইট-ভাটায় মাটি নিয়ে যাওয়া প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন জানান, কৃষি জমির উর্বরতা নষ্ট করে মাটি বিক্রি এবং ভূমির শ্রেণি পরিবর্তন দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
