বগুড়ায় পারিবারিক কলহে মারধরের শিকার নারী হাসপাতালে মারা গেলেন, আটক ৪
বগুড়ায় পারিবারিক কলহের জেরে মারধরের শিকার মোছা. বেগম (৫৬) নামে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম।
নিহত মোছা. বেগম বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, বেগমের ছেলে সাহেদের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সাহেদের মামাতো ভাই রাশেদুল ইসলাম বিষয়টি মীমাংসার চেষ্টা করলে তার সঙ্গে সাহেদের হাতাহাতি হয়। পরে ঘটনাটি সমাধানের উদ্দেশ্যে সাহেদের বাবা আব্দুল মান্নান মণ্ডল ও মা মোছা. বেগম রাশেদুলের বাবা জিল্লার রহমানের বাড়িতে যান।
অভিযোগ রয়েছে, এ সময় জিল্লার রহমান (৫৫), তার দুই ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও আশিকুল (২৪) এবং স্ত্রী রাশেদা বেগম (৫০) মীমাংসার জন্য আসা মোছা. বেগমকে লাঠি দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত জিল্লার রহমান, তার দুই ছেলে রাশেদুল ইসলাম ও আশিকুল এবং স্ত্রী রাশেদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
