প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:২৮
বগুড়ায় নির্বাচনী সহিংসতা মামলায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ
বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা মামলায় পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ এ টি এম মুজাহিদ ও উপজেলার যুব জামায়াতের ক্রিয়া সম্পাদক মোঃ রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে উপজেলার পারশুন গ্রামে নির্বাচনী সহিংসতায় মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন আহত ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুদ রানা মজিদ নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নামে মামলা দায়ের করেন। শনিবার বিকালে ওই মামলায় নন্দীগ্রাম পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ এ টি এম মুজাহিদ ও উপজেলার যুব জামায়াতের ক্রিয়া সম্পাদক মোঃ রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
নন্দীগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তারা এজাহারনামীয় আসামি। শনিবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
