প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:১০

যাত্রাবাড়ীতে তল্লাশির সময় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা সদৃশ বস্তু

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে তল্লাশির সময় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা সদৃশ বস্তু

রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী এলাকায় তল্লাশি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবল ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত চার যুবক পালিয়ে যাওয়ার সময় তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে বোমা সদৃশ পাঁচটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ২টার দিকে কুতুবখালী পকেট গেট সংলগ্ন তল্লাশিচৌকিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

আহত কনস্টেবলের নাম শাহ আলম। তার কপালে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে প্রথমে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করতে গেলে তিনি চাকু দিয়ে পুলিশ সদস্যের কপালে আঘাত করে পালিয়ে যান। চারজন একসঙ্গে ছিল এবং তল্লাশির আগ মুহূর্তে তাদের একজন এ হামলা চালায়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগ থেকে ছুরির পাশাপাশি পাঁচটি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

আহত কনস্টেবলকে হাসপাতালে নেওয়া সহকর্মী নায়েক নজরুল ইসলাম জানান, এক যুবকের ব্যাগ সন্দেহজনক মনে হলে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তল্লাশি শুরু করা হয়। এ সময় ওই যুবক শাহ আলমের বাঁ চোখের ওপর কপালে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

উপরে