প্রকাশিত : ৯ মার্চ, ২০২৬ ০০:২০

ঈদের নামাজের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি, নিহত ১

রাজশাহী সংবাদদাতাঃ
ঈদের নামাজের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি, নিহত ১

রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের হাতাহাতির ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাকোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৫৫)। তিনি উপজেলার সাকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহে ঈদের জামাত কে পড়াবেন—এ বিষয়কে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় আলাউদ্দিন ঘটনাস্থলে এসে তার ছেলেদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। জানা গেছে, তার দুই ছেলে জামায়াতের সমর্থক।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আলাউদ্দিন পরিস্থিতি শান্ত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির ছেলেরা জামায়াতের কর্মী হলেও আলাউদ্দিন নিজে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না, তা স্পষ্ট নয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াতের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। অবরোধের সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপরে