শরিফ ওসমান হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি-কে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত মূল আসামি ফয়সাল করিম মাসুদ-কে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।
রোববার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেন।
পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রোববার তাদের আটক করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
