রাজশাহীতে লাইসেন্সবিহীন লাচ্ছা সেমাই উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে বিএসটিআই-এর লাইসেন্স ছাড়াই লাচ্ছা সেমাই তৈরি ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), রাজশাহী বিভাগের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মোবাইল কোর্টে মেসার্স আলিফ ট্রেডার্সকে ১০,০০০ টাকা এবং মেসার্স সুমি ফুড প্রোডাক্টসকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানই বিএসটিআই-এর গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করেছিল।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানের সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিএসটিআই, রাজশাহী জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালাবে।
