প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ১৯:১৯

তামাক ক্ষেতে হাত-পা বাঁধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
 তামাক ক্ষেতে হাত-পা বাঁধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি তামাক ক্ষেত থেকে জোবেদা খাতুন (৪৫) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামের একটি তামাক ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জোবেদা খাতুন দামুড়হুদা উপজেলার দলিয়াপুর গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জোবেদা খাতুন বাড়ি থেকে ঘাস কাটার উদ্দেশ্যে বের হন। এরপর সারাদিন তিনি আর বাড়ি ফেরেননি। ইফতারের সময় হয়ে গেলেও তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে গোপালপুর গ্রামের একটি তামাক ক্ষেতের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে দলিয়াপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

দলিয়াপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। স্থানীয়দের অনেকে আশঙ্কা করছেন, ধর্ষণের চেষ্টা বা ধর্ষণের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা হবে।

উপরে