বগুড়ায় যুব ইউনিয়নের কর্মীসভা: বেকারত্ব নিরসন ও মাদকবিরোধী পদক্ষেপ জোরদারের দাবি
বগুড়ায় বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টায় শহরের সাতমাথাস্থ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ফারহানা আক্তার শাপলা এবং সঞ্চালনা করেন সহসভাপতি মামুনুর রহমান।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মো. আমিনুল ফরিদ, সাজেদুর রহমান ঝিলাম, সেলিম রেজা, সহসভাপতি অখিল পাল, সহ-সাধারণ সম্পাদক সাবেকুন নাহার যুথি, সদর উপজেলা কমিটির সভাপতি আরমানুর রশিদ আকাশ এবং ক্রীড়া সম্পাদক মো. লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের যুবসমাজের জন্য কার্যকর ও দৃশ্যমান কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণে ঘাটতি রয়েছে। তারা বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানে সরকারি ও প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়ানোর দাবি জানান।
এছাড়া মাদকদ্রব্যের বিস্তার রোধে মাদক ও সংশ্লিষ্ট কারবারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সভা থেকে দেশের স্বার্থবিরোধী বলে উল্লেখিত আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বাতিলেরও দাবি জানান নেতৃবৃন্দ।
