প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৬ ০২:১২

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতি: তিন বিভাগের গাফিলতি, ব্যবস্থা সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতি: তিন বিভাগের গাফিলতি, ব্যবস্থা সুপারিশ

 বগুড়ার সান্তাহার জংশন সংলগ্ন বাগবাড়ি এলাকায় ঢাকা-চিলাহাটি রুটে চলাচলকারী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে রেলওয়ের তিনটি পৃথক বিভাগের গুরুতর অবহেলা ও বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তে প্রকৌশল বিভাগ, লোকোমাস্টার ও স্টেশন মাস্টারের দায়িত্বে গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার মূল কারণ ছিল রেলওয়ের প্রতিষ্ঠিত বিধিমালা লঙ্ঘন। রেললাইনে কাজ চলাকালে স্টেশন মাস্টারের পক্ষ থেকে চালককে প্রয়োজনীয় ‘অর্ডার ওপিটি’ (OPT) ফর্ম বা সতর্কবার্তা দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী, এই ফর্ম প্রদান করা হলে চালক আগেই সতর্ক হয়ে ট্রেনের গতি ১০ থেকে ২০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতেন।

এছাড়া প্রকৌশল বিভাগের পক্ষ থেকেও কাজ চলাকালে নির্ধারিত দূরত্বে লাল পতাকা প্রদর্শন করা হয়নি। একই সঙ্গে লোকোমাস্টারের বিরুদ্ধেও অসতর্কতার অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সামনে কাজ চলার বিষয়টি চালকের নজরে আসার সুযোগ থাকলেও তিনি যথাযথ সতর্কতা অবলম্বন করেননি।

উল্লেখ্য, গত ১৮ মার্চ দুপুরে সান্তাহার জংশন অতিক্রম করার পর বাগবাড়ি এলাকায় পৌঁছালে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ৬৬ জন যাত্রী আহত হন। আহতদের আদমদীঘি ও নওগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও রাজশাহীর রেল যোগাযোগ দীর্ঘ সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ৬টি ট্রেনের যাত্রা বাতিল এবং ৭টি ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়।

ঘটনার পর পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মইনউদ্দিন সরকারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে প্রতিবেদনটি রেলওয়ের মহাপরিচালকের কাছে জমা দিয়েছে।

জিএম ফরিদ আহম্মেদ জানান, “তিন পর্যায়ের অবহেলার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।”

রেলওয়ে সূত্র জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপরে