প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ ০০:৩৯

রংপুরে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে

জালাল উদ্দিন,রংপুরঃ
রংপুরে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে

রংপুরে সড়কের শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ২৯ মার্চ থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান শনিবারও সক্রিয়ভাবে চলতে দেখা গেছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমের লক্ষ্য সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানো। সরেজমিনে দেখা যায়, পাগলাপীর বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই করছেন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এবং যানবাহনের ফিটনেস যাচাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে রংপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মো. নজরুল ইসলাম জানান, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, জেলা পুলিশের নির্দেশনায় প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালানো হচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাদের মতে, নিয়মিত চেকপোস্টের কারণে চালকদের মধ্যে সচেতনতা বেড়েছে। বিশেষ করে হেলমেট ছাড়া চলাচল ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের প্রবণতা অনেকাংশে কমে এসেছে। রংপুর জেলা পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সড়কে বিশৃঙ্খলা রোধে জেলার অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

উপরে