প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ ০৩:০০
রুশ বিপ্লবের বীর শহীদদের স্মরণে ঢাকায় গার্ডেন অব মেমোরি শীর্ষক বৃক্ষরোপণ
‘গার্ডেন অব মেমোরি’ বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বের প্রতীক: ডিএসসিসি প্রশাসক
সঞ্জু রায়:
রুশ বিপ্লবে নিহত বীর শহীদদের স্মরণে ঢাকায় শুক্রবার সকালে রাশিয়ান হাউস ইন ঢাকার উদ্যোগে ধানমন্ডি লেক এলাকায় “গার্ডেন অব মেমোরি” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাশিয়া থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক স্মারক উদ্যোগ হিসেবে প্রতিবছরের ন্যায় অনুষ্ঠিত এই আয়োজন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশগ্রহণে স্মরণ ও পরিবেশ সচেতনতার এক অর্থবহ উদ্যোগ হিসেবে গড়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এই উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ৩ লক্ষ বৃক্ষ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রশাসক আরও বলেন, ‘গার্ডেন অব মেমোরি’ শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয় বরং বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্বের প্রতীক এবং পরিবেশ রক্ষায় যৌথ দায়বদ্ধতার প্রতিফলন। তিনি শান্তি ও স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর যোদ্ধাদের স্মরণে এই আয়োজন করার জন্য ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস ও রুশ হাউসকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভিয়াচেস্লাভ সেন্টিউরিন। তিনি তার বক্তব্যে ৯ মে ১৯৪৫-এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, মহান দেশপ্রেমিক যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় প্রায় ২৭ মিলিয়ন মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়। তিনি নাৎসিবাদ পরাজয়ে সোভিয়েত জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং বলেন, এই বিজয় দিবস আজও ব্যক্তিগতভাবে গভীর তাৎপর্য বহন করে, কারণ প্রায় প্রতিটি পরিবারই এই যুদ্ধের প্রভাব বহন করেছে। তিনি আরও বলেন, এই বিজয়ের উত্তরাধিকার জাতীয় ঐক্য, গর্ব ও দেশপ্রেমকে আজও অনুপ্রাণিত করে।
রুশ হাউসের সৃজনশীল এই আয়োজনে সভাপতির বক্তব্যে ঢাকাস্থ রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয় ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং মানবিক বন্ধন জোরদারের গুরুত্ব তুলে ধরেন, যা বিভিন্ন দেশ ও প্রজন্মের মানুষকে একত্রিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক স্থপতি মোহাম্মদ সিরাজুল ইসলামসহ রুশ হাউজ ও দূতাবাসের বিভিন্ন কূটনীতিক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণসহ শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি রাশিয়ান হাউস পরিদর্শনের মাধ্যমে শুরু হয়ে পরে লেকপাড়ে মূল আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ধানমন্ডি লেক এলাকায় বৃক্ষরোপণ যা বৈশ্বিক “গার্ডেন অব মেমোরি” উদ্যোগের অংশ।
অনুষ্ঠান শেষে রাশিয়ান হাউসে এক সংবর্ধনার আয়োজন করা হয়, যেখানে অতিথিরা অনানুষ্ঠানিক মতবিনিময়ের সুযোগ পান যা সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক ভূমিকা পালন করে।
