প্রকাশিত : ১ মে, ২০২৬ ১২:৩৮

বগুড়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

খবর বিজ্ঞপ্তিঃ
বগুড়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

আজ মহান মে দিবস। শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের সংগ্রামের স্মরণে আন্তর্জাতিক শ্রমিক সংহতির এ দিনটি বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটি।

১৮৮৬ সালে শিকাগো শহরের হে মার্কেট আন্দোলন থেকে আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের স্মরণে দিনটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৮টায় বগুড়া কেন্দ্রীয় শহিদ মিনার-এ শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সাতমাথাস্থ উদীচী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আমিনুল ফরিদ এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম।

সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী সেখ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য শাহনিয়াজ কবির খান পাপ্পু, ফারহানা আক্তার শাপলা, অখিল পাল, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, ক্ষেতমজুর নেতা লিয়াকত আলী কাক্কু, যুবনেতা সাইদুর রহমান পারভেজ ও ছাত্রনেতা বায়োজিদ রহমান।

বক্তারা বলেন, দেশে শ্রমিকরা এখনো শোষণ ও নির্যাতনের শিকার। সর্বক্ষেত্রে আট ঘণ্টা কর্মদিবস বাস্তবায়ন হয়নি এবং বিভিন্ন শিল্পকারখানা বন্ধ হয়ে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছেন। সার্কভুক্ত দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনও সর্বনিম্ন বলেও উল্লেখ করেন তারা।

নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন বাস্তবায়ন, বৈষম্যমূলক আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বাতিল এবং হাওর অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।

উপরে