প্রকাশিত : ৭ মে, ২০২৬ ০১:১৮

একদিনে চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বগুড়া সফর, বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই

নিজস্ব প্রতিবেদক
একদিনে চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বগুড়া সফর, বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই

আবারও একদিনে চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রী সরকারি সফরে বগুড়া যাচ্ছেন। বৃহস্পতিবার (৭ মে) তারা জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সরকারি সূত্রে জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আখতার আকাশপথে বগুড়ায় পৌঁছাবেন।

সফরের প্রধান উদ্দেশ্য হলো বগুড়ার দীর্ঘদিনের প্রত্যাশিত বিমানবন্দরটি চালুর সম্ভাব্যতা যাচাই করা। এ জন্য তারা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করবেন। পাশাপাশি বগুড়ায় একটি ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যেখানে ভবিষ্যতে পাইলট প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হতে পারে।

এদিকে একই দিন সকাল ৯টায় বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) মিলনায়তনে ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের (৬ষ্ঠ-১০ম শ্রেণি) পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।

বগুড়ার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বিমানবন্দর পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনের ব্যবধানে সরকারের চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়া সফর করেছিলেন।

উপরে