প্রকাশিত : ২ জুন, ২০২৬ ১৯:১৮
বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
সঞ্জু রায়:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জিয়াউর রহমানের নিজ জন্মভূমি গাবতলী উপজেলার বাগবাড়িতে এই আয়োজন হয়।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, জিয়াউর রহমান শুধু একটি নাম নয় তিনি লাখো বাঙালির হৃদয়ের স্পন্দন। এই বাংলার মাটি ও মানুষের সাথে তিনি মিশে আছেন। বাংলাদেশের উন্নয়নে সকল খাতে তার অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, গার্মেন্টস শিল্পের বিকাশ, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণসহ দায়িত্ব নেয়ার পর ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছিলেন তিনি। পিতার মতো একই রকম ভঙ্গুর অর্থনীতির দেশ সামলানোর দায়িত্ব পেয়েছেন তার সুযোগ্য সন্তান তারেক রহমান। অথচ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান সামান্য কয়েক মাসেই একের পর এক ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে দেশব্যাপী প্রশংসিত হচ্ছেন। জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে তার জন্মভূমিতে ছাত্রদলের কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, আজ যারা বিএনপির নেতৃত্বে রয়েছে কিংবা যারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন তাদের অধিকাংশই সাবেক ছাত্রদল কর্মী। ছাত্রদলের রাজনীতি আগামীর রাজনৈতিক পথ সুগম করে। তিনি ছাত্রদলের সকল নেতাকর্মীকে জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আগামী দিনে পথ চলার বিষয়ে অনুপ্রেরণা দেন।
সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলটন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাঈন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
সার্বিক আয়োজন প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, গাবতলীর বাগবাড়িতে অবস্থিত জিয়াবাড়ি আবেগ ও অনুভূতির স্থান। এই বগুড়ার কৃতি সন্তান সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যার হাত ধরে জন্ম হয়েছে বিএনপির মত একটি বৃহৎ রাজনৈতিক দলের। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ ও দেশপ্রেমের পরিচয় দিয়ে গেছেন তিনি। তার শাসনামলেই ঘুরে দাঁড়িয়েছিল পিছিয়ে পড়া বাংলাদেশ। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন সমৃদ্ধ আগামীর সেই লক্ষ্যেই দেশে এক নতুন দিগন্ত খুঁজে পেয়েছিল। তার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে তাইতো তার নিজ জন্মভূমি বাগবাড়িতে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছিল ছাত্রদল যা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আলোচনা সভায় তাদের নেতা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে স্মরণ করাসহ সকল নেতাকর্মীকে অনুপ্রাণিত করা হয়েছে তার আদর্শকে ধারণ ও উপলব্ধি করার বিষয়েও। সভা পরবর্তী বগুড়ার সন্তান জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
