সলঙ্গায় অগ্রণী ব্যাংকের ঘুড়কা শাখা স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক পিএলসি-এর ঘুড়কা শাখা স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঘুড়কা শাখার সামনে সড়কে শান্তিপূর্ণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন ব্যাংকের সচেতন গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য দেন আলহাজ্ব মারুফ হাসান খোকন, সোলায়মান হোসেন, মোজাম্মেল হক, একলাছুর রহমান শাহীন, শহিদুল ইসলাম মজনু, নাসির উদ্দিন মাস্টার, কে.এম. আমিনুল ইসলাম হেলাল, মজনু মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহক প্রতিনিধিরা।
বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল এবং ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ঘুড়কা শাখা স্থানান্তরের চেষ্টা চলছে। তাঁদের দাবি, গ্রাহকদের লিখিত আপত্তি ও স্থানীয় বাস্তবতা উপেক্ষা করে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
তাঁরা বলেন, বর্তমান শাখাটি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক গ্রাহক সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করছেন। শাখা অন্যত্র সরিয়ে নেওয়া হলে গ্রাহকদের ভোগান্তি বাড়বে, নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে এবং ব্যাংকের ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মানববন্ধন থেকে অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি ঘুড়কা শাখা বর্তমান স্থানেই বহাল রাখার দাবি জানানো হয় এবং শাখা স্থানান্তরের সব ধরনের উদ্যোগ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়।
