প্রকাশিত : ৬ জুন, ২০২৬ ০০:৫৫

গোবিন্দগঞ্জে ভাতা দেওয়ার নামে প্রতারণা, দুই ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

গাইবান্ধা সংবাদদাতাঃ
গোবিন্দগঞ্জে ভাতা দেওয়ার নামে প্রতারণা, দুই ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দুইজন ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয়ধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার শিবপুর এলাকার মৃত কল্লোল সরকারের ছেলে মো. দাইয়ান শহীদ দীপ সরকার (২১) এবং গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. সোহানুর রহমান শান্ত (২১)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা সরকারি কর্মকর্তা সেজে বিভিন্ন ধরনের ভাতা ও বিকাশ-নগদ সংক্রান্ত সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল। এ ঘটনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এর আগে যৌথ বাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর সিংগা গ্রামে প্রতারক চক্রের আস্তানা থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্কসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। ওই অভিযানে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায় এবং আশরাফুল ইসলাম নামের একজনকে আটক করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ভুয়া পরিচয়ে ভাতা দেওয়ার নামে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করা হচ্ছিল। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

উপরে