সলঙ্গায় ফুলজোড় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাহেবগঞ্জ নলছিয়া এলাকার ফুলজোড় নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে সলঙ্গা থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, মরদেহটির পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা কামনা করা হচ্ছে। কোনো ব্যক্তি মরদেহটির পরিচয় সম্পর্কে তথ্য জানলে সলঙ্গা থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
