ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাট উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলিফ হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার আজহারুল ইসলামের ছেলে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, ভুক্তভোগী এক কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত যুবক সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক ব্যবহার করে তরুণীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত। পরে কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে মোবাইলে সংরক্ষণ করত এবং বিভিন্নভাবে ভুক্তভোগীদের জিম্মি করে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করত। তিনি এসব কর্মকাণ্ড থেকে বিকৃত আনন্দ পেত বলেও পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানা যায়।
মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
