বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম শিক্ষা হাব: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশকে বিশ্বের অন্যতম শিক্ষা হাব হিসেবে গড়ে তোলা হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা যাতে বাংলাদেশে পড়তে আসে, সেই লক্ষ্যেই আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড় এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী। বিদেশে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। তাহলে বাংলাদেশেই কেন বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে না? বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এ দেশের মেধাবী জনগোষ্ঠী। এই সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশকে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্বের অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বাংলাদেশে পড়তে আসবে—এমন শিক্ষা অবকাঠামো গড়ে তোলা হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিজের বক্তব্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি তাদের উদ্বেগ দূর করার চেষ্টা করেছিলেন। আবহাওয়ার পূর্বাভাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কোনো কেন্দ্রে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা সাময়িকভাবে স্থগিত বা সময় পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এইচএসসি পরীক্ষাও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নপত্র প্রণয়ন ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার জন্য সরকার কাজ করছে।
অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ অন্যরা।
এ সময় নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হিসাববিজ্ঞান ও আইন বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী নিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হলো।
