জয়পুরহাটে সৎ মা হত্যা মামলায় সতীনের ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে সৎ মা মরিয়ম বেওয়াকে হত্যা মামলায় সতীনের ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে সুজাউল ইসলাম, মৃত কছিমুদ্দিন মোল্লার ছেলে ছালামত মোল্লা এবং আব্দুর রহমান সরকারের ছেলে মোফাজ্জল হোসেন সরকার।
মামলার বিবরণে জানা যায়, ঘটনার প্রায় আড়াই বছর আগে কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের নূরুল ইসলাম মারা যান। এরপর তাঁর স্ত্রী মরিয়ম বেওয়া সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতেন।
২০০৫ সালের ৩১ জুলাই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর সতীনের ছেলে সুজাউল ইসলামসহ কয়েকজন মরিয়ম বেওয়াকে তাঁর মা অসুস্থ বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁকে মাঠে নিয়ে মারধর ও শ্বাসরোধে হত্যা করে লাশ একটি পুকুরে ফেলে দেওয়া হয়। পরে প্রচার করা হয়, তিনি পুকুরে ডুবে মারা গেছেন। পরদিন পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ২০০৫ সালের ৭ আগস্ট কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত মামলাটির রায় ঘোষণা করেন।
