প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৬ ০০:১২

সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

খবর বিজ্ঞপ্তিঃ
সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

 সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বেলকুচি থানার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আদাচাকী গ্রামের মো. মেনাজুল ইসলাম (২৪), মো. বনি আমিন (২০) ও মো. নিশাত রেজা (২৭)।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে একাধিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন বেটিং ও জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে।

র‌্যাব আরও জানায়, জুয়ার সাইটে অর্থ লেনদেনের জন্য তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করত।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

উপরে