প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬ ২৩:৪৬

মেয়াদোত্তীর্ণ বগুড়ার ছাত্রদল-যুবদলের ১০ ইউনিটের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক
মেয়াদোত্তীর্ণ বগুড়ার ছাত্রদল-যুবদলের ১০ ইউনিটের কমিটি বিলুপ্ত

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বগুড়ায় জেলা ছাত্রদলের সাতটি এবং জেলা যুবদলের তিনটিসহ মোট ১০টি উপজেলা ও পৌর ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এসব ইউনিটে নতুন নেতৃত্ব গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) রাতে বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাতটি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিলুপ্ত ইউনিটগুলো হলো—সারিয়াকান্দি উপজেলা ও পৌর শাখা, সোনাতলা উপজেলা ও পৌর শাখা, তালোড়া পৌর শাখা, আদমদীঘি উপজেলা শাখা এবং সান্তাহার পৌর শাখা ছাত্রদল।

বগুড়া জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই ইউনিটগুলোতে নতুন নেতৃত্ব গঠনের কার্যক্রম শুরু হবে।

এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বগুড়া জেলা যুবদলের গাবতলী উপজেলা ও পৌর এবং তালোড়া পৌর শাখার কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি বলেন, যুবদলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্যে তিনটি ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, শিগগিরই এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

উপরে