প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬ ২৩:৫০

অশ্লীল ছবি চেয়েছিলেন হবু বর, বিয়ে ভাঙার পর তরুণীর মৃত্যু

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
অশ্লীল ছবি চেয়েছিলেন হবু বর, বিয়ে ভাঙার পর তরুণীর মৃত্যু
অভিযুক্ত পাভেল মিয়া ও নিহত তরুণী। ছবি- সংগৃহীত

 কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের আগে ইতালি প্রবাসী হবু স্বামীর অনৈতিক আবদার না মানায় বিয়ে ভেঙে যাওয়ার পর অভিমানে ইঁদুর মারার বিষপানে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার ২৬ আগস্ট দুপুরে উপজেলার শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মীম বেগমের বয়স ২০ বছর। তিনি শ্রীনগর এলাকার জীবন মিয়ার মেয়ে। অভিযুক্ত হবু স্বামী পাভেল মিয়া ২২ বছর বয়সী এবং একই ইউনিয়নের শিরার বাড়ির দুলাল মিয়ার ছেলে। তিনি ইতালি প্রবাসী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে দুই পরিবারের সম্মতিতে মীম ও পাভেলের বিয়ের কথা পাকাপাকি হয়। ওই সময় পাভেলের পরিবার মীমকে আংটি পরিয়ে দেয়। এরপর ইতালি থেকে পাভেল নিয়মিত মুঠোফোনে মীমের সঙ্গে যোগাযোগ করতেন।

পরিবার ও স্থানীয়দের দাবি, একপর্যায়ে পাভেল মীমের কাছে ফোনে অনৈতিকভাবে ব্যক্তিগত ছবি পাঠানোর আবদার করেন। এতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পাভেল আংটি ও কিছু নগদ টাকা ফেরত দিয়ে বিয়ে ভেঙে দেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় অভিমানে মঙ্গলবার ২৫ আগস্ট রাতে মীম ইঁদুর মারার বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে অভিযুক্ত পাভেল মিয়া ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া বলেন, দুই পরিবারের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হয়েছিল বলে তিনি জানতেন। তরুণীর মৃত্যুর পর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন, অনৈতিক দাবিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের জেরে বিয়ে ভেঙে যায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপরে