রাণীনগরে এক শিশুকে ধর্ষণ, আরেক শিশুকে চেষ্টার অভিযোগ, গ্রেফতার তিন
নওগাঁর রাণীনগরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন ৮ বছর বয়সী আরেক শিশু। উপজেলার লোহাচুড়া গ্রামে ধর্ষণের ঘটনা ও চক পারইল গ্রামে ধর্ষণচেষ্টার এই ঘটনা ঘটেছে। পৃথক দুই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শিশুকে ধর্ষণের অভিযোগে মামলায় বুধবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করেছে। গ্রেফতার দুই কিশোর হলেন, উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)।
অন্যদিকে ৮ বছর বয়সী আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার থানা পুলিশ উপজেলার চক পারইল গ্রামের দুলাল হোসেনের ছেলে শিশু সিফাত হোসেনকে (১৪) গ্রেফতার করেছে।
ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৬ বছর বয়সী ওই শিশু বুধবার বিকেল ৪টার দিকে কিশোর মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময় ওই বাড়িতে কিশোর ইসতিয়াক ও মারুফ অবস্থান করছিল। এমতাবস্থায় ইসতিয়াক শিশুটিকে মোবাইল ফোনে কাটুন ভিডিও দেখায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোর ইসতিয়াক শিশুটিকে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে লাগিলে ইসতিয়াক শিশুটির মুখ চেপে ধরে রাখে এবং কিশোর মারুফ পালাক্রমে ওই শিশুটিকে ধর্ষণ করে।
আরেক মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ৮ বছর বয়সী ওই শিশু গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথে সিফাত তাকে ডেকে জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদি হয়ে বুধবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে কিশোর ইসতিয়াক ও মারুফকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাদের দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদি হয়ে মামলা করেছে। পুলিশ মামলার আসামি সিফাত হোসেনকে গ্রেফতার করেছে। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।
