‘ট্রায়াল’ দিতে নিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর অভিযোগ, পুলিশ কনস্টেবল বরখাস্ত
সিলেটের গোলাপগঞ্জে বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া একটি মোটরসাইকেল ‘ট্রায়াল’ দেওয়ার কথা বলে নিয়ে পালানোর অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল মোরসালিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জ পৌর এলাকার ভইটিকর এলাকায় এ ঘটনা ঘটে। মোরসালিন সিলেটের বিয়ানীবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার সাইদুর রহমান তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে মোরসালিন ও ওলিউল ইসলাম নামে এক ব্যক্তি সাইদুরের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা হেতিমগঞ্জে গিয়ে মোটরসাইকেলটি দেখেন।
মোটরসাইকেলটি পছন্দ হওয়ার পর মোরসালিন সেটি চালিয়ে দেখার কথা বলেন। একপর্যায়ে ‘ট্রায়াল’ দেওয়ার কথা বলে মোটরসাইকেলটি নিয়ে গোলাপগঞ্জের দিকে চলে যান তিনি। বিষয়টি সন্দেহজনক মনে হলে মালিক সাইদুর তার পিছু নেন।
পরে গোলাপগঞ্জ পৌর এলাকার ভইটিকর এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় মোরসালিনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ওলিউল ইসলাম মোরসালিনকে চেনেন না বলে দাবি করেন। পরে স্থানীয় লোকজন মোরসালিনকে মারধর করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বলেন, মোটরসাইকেল-সংক্রান্ত ঘটনায় পুলিশ সদস্য মোরসালিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার সঙ্গে থাকা যুবককে তিনি চেনেন না বলে জানিয়েছেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র: জাগো নিউজ
