প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬ ০৯:৪২

রাজশাহীতে জাগো ফাউন্ডেশন স্কুল পরিদর্শনে ভূমিমন্ত্রী

মোঃ ফয়সাল আলম, রাজশাহী
রাজশাহীতে জাগো ফাউন্ডেশন স্কুল পরিদর্শনে ভূমিমন্ত্রী

রাজশাহী নগরের আসাম কলোনিতে জাগো ফাউন্ডেশনের স্কুল পরিদর্শন করেছেন  ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় তিনি স্কুল পরিদর্শনে আসেন।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের ধারা অব্যাহত রাখতে রাজশাহী জাগো ফাউন্ডেশনের স্কুলের স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য সরকারি খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

এ বিষয়ে সংশ্লিষ্ট আবেদন দ্রুত অনুমোদনের জন্য রেলমন্ত্রী ও রেল সচিবের কাছে সরাসরি সুপারিশ পাঠানোরও প্রতিশ্রুতি দেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং তাদের কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। এ জন্য নতুন রাস্তার পাশে কিংবা রেলওয়ের পাশে সুবিধাজনক সরকারি খাস জমি চিহ্নিত করে বরাদ্দের জন্য আবেদন করার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ইউসেফ স্কুলের মাধ্যমে বর্তমানে প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত শিশু ১১টি স্কুলে পড়াশোনা করছে। এসব স্কুলের অধিকাংশের কার্যক্রম সিটি করপোরেশনের জায়গায় পরিচালিত হচ্ছে। এর আগে মেয়র থাকাকালে এসব স্কুলের জন্য তিনটি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন ভূমিমন্ত্রী। তবে বর্তমানে কয়েকটি জায়গার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। এর মধ্যে টিকাপাড়া গোরস্থান সংলগ্ন জায়গাটিও রয়েছে। ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।


পরিদর্শনকালে জাগো ফাউন্ডেশনের স্কুলের সুন্দর ও মনোরম পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন ভূমিমন্ত্রী। এ সময় সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ  জানান, রাজশাহী জাগো ফাউন্ডেশন স্কুলে প্রায় ৭০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী প্লে থেকে দশম শ্রেণিতে পড়াশোনা করছে।
অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ, জাগো ফাউন্ডেশন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপরে