প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ ০৯:৩৫

ভাইরাল হওয়ার নেশায় শিশুবোনকে নিয়ে আপত্তিকর ভিডিও, যুবক আটক

চাঁদনী ডিজিটাল ডেস্কঃ
ভাইরাল হওয়ার নেশায় শিশুবোনকে নিয়ে আপত্তিকর ভিডিও, যুবক আটক

 সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নিজের পাঁচ বছর বয়সী শিশুবোনকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে মেহেদী হাসান সিয়াম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাতে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর এলাকা থেকে তাকে আটক করে। সিয়াম ওই গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তার শিশুবোন স্থানীয় একটি মাদরাসায় শিশু শ্রেণিতে পড়াশোনা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ফেসবুক কর্তৃপক্ষ ভিডিওটি সরিয়ে দেয়। এরপর ২৩ সেকেন্ডের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এক যুবককে একটি শিশুকে কোলে নিয়ে আপত্তিকর আচরণ করতে দেখা যায়। ভিডিওটি ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

পুলিশ জানায়, সিয়াম তার ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করেন। ২০২৫ সালের মার্চে ফেসবুক পেজটি খোলার পর থেকে তিনি বিভিন্ন ধরনের রুচিহীন কনটেন্ট প্রকাশ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্টে শতাধিক ভিডিও পাওয়া গেছে। এর মধ্যে টিকটক অ্যাকাউন্টে অন্তত ১৫৭টি ভিডিও আপলোড করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্র আরও জানায়, অন্যান্য ভিডিওতে তুলনামূলক কম ভিউ হলেও শিশুটিকে নিয়ে তৈরি ভিডিওটি প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে। শুধু টিকটকেই ভিডিওটি ১৬ লাখের বেশি বার দেখা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন সিয়াম। সেখানে তিনি ভিডিওটি তৈরি ও প্রকাশের বিষয়ে কথা বলেন এবং ভিডিওটি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

সিয়ামের বাবা মাহবুবুর রহমান টিপলু বলেন, ‘কী বলব, বুঝতে পারছি না। ও টিকটকে এসব কী করেছে, আমি ঠিক জানি না। পুলিশ আসার পর সব জানতে পেরেছি। ওরা দুজনই তো আমার ছেলে-মেয়ে। আমি এর বেশি কিছু বলতে পারছি না। আমি লজ্জিত।’

ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা বলেন, ‘বর্তমানে তরুণদের মধ্যে রাতারাতি ভাইরাল হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ প্রবণতা উদ্বেগজনক। তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

ঘটনার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস বলেন, ‘ওই ভিডিওতে অশ্লীল কিছু পাওয়া যায়নি। তারা দুইজন আপন ভাই-বোন। তবে বিষয়টি দৃষ্টিকটু।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে সিয়ামকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা আপন ভাই-বোন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ‘ওই যুবককে পাবলিক নুইসেন্স করার অভিযোগে দণ্ডবিধির ২৯০ ধারায় অভিযুক্ত করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

উপরে