প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১৩

মেয়েকে ৬ মাস ধরে ধর্ষণ, বাবাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
মেয়েকে ৬ মাস ধরে ধর্ষণ, বাবাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

 পিরোজপুরের নাজিরপুরে ১২ বছরের মেয়েকে দীর্ঘ ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবা অহিদুল মোল্লার (৪০) বিরুদ্ধে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী অহিদুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

অহিদুল মোল্লা বাগেরহাটের চিতলমারী উপজেলার ডোবাতলা গ্রামের ফজর আলীর ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক এবং দীর্ঘদিন ধরে নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন।

স্থানীয় বাসিন্দা হাসান মিয়াসহ একাধিক প্রত্যক্ষদর্শী জানান, কয়েক বছর আগে অহিদুলের প্রথম স্ত্রী মারা যান। ওই সংসারে যমজ দুই ছেলে ও ১২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রথম স্ত্রীর মৃত্যুর পর অহিদুল দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রী বর্তমানে বিদেশে থাকায় তিন সন্তানকে নিয়ে তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করছিলেন।

ভুক্তভোগী শিশুর অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে তার বাবা প্রায় ছয় মাস ধরে তাকে ধর্ষণ করে আসছিলেন। প্রায় দুই মাস আগে বিষয়টি দাদিকে জানালে তিনি কাউকে বলতে নিষেধ করেন বলে শিশুটির অভিযোগ। এ ছাড়া ঘটনা প্রকাশ করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছে সে।

নির্যাতন সহ্য করতে না পেরে সোমবার সকালে শিশুটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কাছে বিষয়টি জানায়। পরে অহিদুল বাড়িতে ফিরলে স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন। একপর্যায়ে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন বলে স্থানীয়রা দাবি করেন।

খবর পেয়ে নাজিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় অহিদুলকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকেও উদ্ধার করে পুলিশ।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপরে