প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৭

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

খবর বিজ্ঞপ্তিঃ
রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

 বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার পিএন স্কুলের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করছে। পাশাপাশি পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল না।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বিএসটিআই, রাজশাহী জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপরে