প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৮

সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে আটটি গরু চুরির অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার পর পৌরসভার খুটিগাছা গ্রামের কৃষক হায়দার আলীর গোয়ালঘরে এ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

হায়দার আলীর ছেলে জাহিদ হাসান জানান, রাতে গোয়ালঘরে আটটি গরু রেখে তারা ঘুমিয়ে পড়েন। রাত ২টার পর কোনো একসময় দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা গরুগুলো নিয়ে পালিয়ে যায়। সকালে গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

পরে পরিবারের লোকজন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পাননি। হায়দার আলী বলেন, গরুগুলো ছিল তাঁর পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ। একসঙ্গে আটটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ চোরের দল রাতের আঁধারে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা গরু চুরি প্রতিরোধে রাতের পাহারা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, চুরি যাওয়া গরু উদ্ধার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

উপরে