প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৪

ছিনতাইকারীর হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ২

চাঁদনী বিনোদন ডেস্কঃ
ছিনতাইকারীর হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ২

 কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মো. আশিক আহত হয়েছেন। এ ঘটনায় রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ভৈরবপুর এলাকার ২৯ নম্বর রেলওয়ে সেতুর কাছে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভৈরবপুর এলাকার সাইম (৩০), পঞ্চবটি এলাকার রবিন (৩৭) ও জগন্নাথপুর এলাকার রাজিব।

প্রত্যক্ষদর্শী গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ কাজল জানান, ভোর সাড়ে ৪টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় এক যাত্রী তাকে জানান, ছিনতাইকারীরা তাঁর ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এ সময় কয়েকজন যাত্রী রেলস্টেশনে যেতে ভয় পাচ্ছিলেন। পরে তিনি রিকশায় কয়েকজন যাত্রীকে স্টেশনে পৌঁছে দেন। স্টেশন থেকে ফেরার পথে রেলসেতুর কাছে পুলিশের গাড়ির সামনের কাচ ভাঙা দেখতে পান।

পুলিশের ভাষ্য, ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে একদল ছিনতাইকারী হঠাৎ পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর ছুড়তে থাকে। এতে ওসি মাহবুবুর রহমান ও এসআই আশিক আহত হন এবং পুলিশের গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়।

এসআই আশিক বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার পর একদল ছিনতাইকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এতে তিনি ও ওসি আহত হন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় গ্রেপ্তার তিনজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উপরে