ঢাবির চলন্ত শাটলে ছাত্রীর স্বর্ণের দুল ছিনতাই
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভেতরে চলন্ত শাটলে থাকা এক ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজী মুহম্মদ মুহসীন হল মাঠসংলগ্ন গেটের সামনে এ ঘটনা ঘটে। ক্যাম্পাসের ভেতর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে এমন ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী সানজিদা আক্তার বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২২ মিনিট থেকে ৭টা ২৬ মিনিটের মধ্যে তিনি মুক্তি ও গণতান্ত্রিক তোরণ গেট থেকে শাটলে করে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন।
শাটলটি মুহসীন হল মাঠসংলগ্ন গেটের কাছে পৌঁছালে সাদা জামা পরা এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে শাটলের পাশে আসেন। এরপর হঠাৎ তাঁর কান থেকে টান দিয়ে একটি স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে ভিসি চত্বরের দিকে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজেও মোটরসাইকেলে থাকা ওই ব্যক্তিকে দুল ছিনিয়ে পালিয়ে যেতে দেখা গেছে বলে জানা গেছে।
সানজিদা বলেন, হঠাৎ কান থেকে দুল টেনে নেওয়ায় তাঁর কান ছিঁড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ঘটনার পর থেকে হলের বাইরে বের হতেও ভয় লাগছে বলে জানান তিনি।
তিনি বলেন, “ক্যাম্পাসের ভেতরে, তাও আবার চলন্ত শাটলে এরকম ঘটনা ঘটল। আমার হয়তো ভাগ্য ভালো ছিল, কান ছিঁড়ে যায়নি। এখন তো ক্যাম্পাসে বের হতেই ভয় লাগছে।”
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
প্রক্টর আরও জানান, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে উপাচার্যের অনুমোদনও পাওয়া গেছে বলে তিনি জানান।
এ ঘটনায় বুধবার পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। অভিযুক্তকে শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
