প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৬ ০০:১৬

শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে পোস্ট, স্কুলছাত্র কারাগারে

পাবনা সংবাদদাতাঃ
শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে পোস্ট, স্কুলছাত্র কারাগারে

পাবনার সুজানগরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার আমিনপুর থানার একটি স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই শিক্ষার্থী শেখ হাসিনার জন্মদিন পালনসংক্রান্ত একটি পোস্ট ফেসবুকে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে বিএনপির কয়েকজন নেতাকর্মী স্কুলে গিয়ে তাকে বের করে আনার চেষ্টা করেন। এ সময় শিক্ষকরা বাধা দিলে তাঁরা ফিরে যান। পরে ক্লাস শেষ হলে আমিনপুর থানা পুলিশ স্কুলে গিয়ে ওই শিক্ষার্থীকে আটক করে।

আমিনপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ওই শিক্ষার্থী নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনসংক্রান্ত পোস্টের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা আগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, স্কুল থেকে একজন শিক্ষার্থীকে আটক করার ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তবে তাকে কোন নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং মামলায় তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশের বক্তব্যের বাইরে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

উপরে